
নিজস্ব প্রতিনিধি
মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক রোগের চিকিৎসার গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে মানুষের ভয় ও সংকোচ দূর করার লক্ষ্যে চট্টগ্রামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস (আইএএইচএস)-এর মানসিক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল রেনাটা পিএলসি।
অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শাফিকা আফরোজ।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মানসিক রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং মো. আবদুল আজিজ।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান। সভায় মানসিক রোগের চিকিৎসা, রোগীদের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া এবং মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন ইউএসটিসির সিন্ডিকেট সদস্য ও মনোনিবাস মানসিক হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শফিউল হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ মোল্লা এবং আইএএইচএস ও ইউএসটিসির চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম ছাড়া ও আমন্ত্রিত অতিথিবৃন্দরা
অনুষ্ঠানটি পরিচালনা করেন রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং মো. আবদুল আজিজ। সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মো. শাখাওয়াত হোসেন। এ সময় মনোনিবাস মানসিক হাসপাতালের পরিচালক রেজাউল করিমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভয়, কুসংস্কার ও সামাজিক সংকোচ দূর করা, জনসচেতনতা বৃদ্ধি এবং মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা গ্রহণে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তাঁরা মানসিক স্বাস্থ্যকে সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।