মোঃ রুবেল, ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে মোহাম্মদ আরাফাত উল্লাহ (২৫) নামে এক যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চুরখারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চুরখারহাট এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় মোহাম্মদ আরাফাত উল্লাহকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যও বিনষ্ট করা হয়। মোহাম্মদ আরাফাত উল্লাহ (২৫) নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ আবুল মনসুর।
অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ। মাদক সেবন ও অপব্যবহার প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।