
ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
অভিযানকালে সুয়াবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শোভনছড়ি এলাকা থেকে দেশীয় চোলাই মদ পানরত অবস্থায় আবুল হোসেন (৫০) ও মো. মহিউদ্দিন (৩৭) নামে দুজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় জব্দ করা মাদকদ্রব্য বিনষ্ট করা হয়।
দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন শোভনছড়ি এলাকার বাচা মিয়া পালোয়ান বাড়ির মৃত বাচা মিয়ার ছেলে। অপরদিকে মো. মহিউদ্দিন ভূজপুর ইউনিয়নের সন্দীপ নগর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে পৃথক দুটি মামলায় দুজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।