
মোঃ শামীম হোসেন – খুলনা জেলা প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার পশ্চিম ঢাংমারী নদীতে গোসল শেষে তীরে ওঠার সময় কুমিরের আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। আহত ব্যক্তির নাম শুভদ চন্দ্র গাইন। তিনি স্থানীয় মৃত ঝড়বর গাইনের ছেলে। বর্তমানে তিনি দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের পশ্চিম ঢাংমারী নদীতে গোসল করতে নামেন শুভদ চন্দ্র গাইন। গোসল শেষে নদীর পাড় বেয়ে ওপরে ওঠার সময় হঠাৎ পানির ভেতর থেকে একটি কুমির তাঁকে লক্ষ্য করে আচমকা ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগেই কুমিরটি তাঁর শরীরে কামড় বসিয়ে পানির দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করেন বৃদ্ধ। তাঁর চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোটা নিয়ে ছুটে আসেন। স্থানীয়দের চিৎকার ও তাড়া খেয়ে শেষ পর্যন্ত বৃদ্ধকে ছেড়ে দিয়ে গভীর পানিতে পালিয়ে যায় কুমিরটি।পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়েছে। জরুরি চিকিৎসা ও ব্যান্ডেজ করার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে কুমিরের এমন আকস্মিক হামলার ঘটনায় পশ্চিম ঢাংমারীসহ নদীসংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুন্দরবনঘেঁষা এ অঞ্চলের নদী ও খালে কুমিরের বিচরণ থাকায় গোসল, মাছ ধরা কিংবা নৌযাতায়াতে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, নদীতে নামার আগে মানুষকে সতর্ক করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। কুমিরের উপস্থিতি সম্পর্কে সতর্কবার্তা প্রচার এবং নদীপাড়ের মানুষের নিরাপত্তায় বন বিভাগ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন তারা।
প্রতিবেদকের নাম 



















