
জাতীয় পর্যায়েও রয়েছে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, তাঁর নেতৃত্বে উপকৃত হচ্ছেন অধিক কৃষক
মোঃ রুবেল, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে সমবায় খাতে বিশেষ অবদান রেখে আবারও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছেন হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ইকবাল হোসেন চৌধুরী। কৃষকদের স্বার্থ রক্ষা, সহজ শর্তে ঋণ প্রদান এবং সঠিক পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৪ সালে জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি।
রোববার (৮ নভেম্বর) ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর এ অর্জনের স্বীকৃতি দেওয়া হয়। তবে তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন সমিতির ব্যবস্থাপক মো. আইয়ুব আলী।
‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমবায় সমিতিগুলোর কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে সরকারি খাসজমি দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি নারী সমবায় সমিতি নিবন্ধনের উদ্যোগ নেওয়া এবং সমবায় খাত থেকে সরকারের রাজস্ব আয় বাড়াতে সংশ্লিষ্টদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা এম. এ. শহিদ ভূঁঞা। শিক্ষিকা পল্লবী খাস্তগীরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিনসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সরকারি কোষাগারে রাজস্ব জমা প্রদানকারী আটটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে আরও গতিশীল করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সমিতি সূত্রে জানা যায়, ২০১১ সালে মাত্র ১৫ জন কৃষক সদস্য নিয়ে হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির যাত্রা শুরু হয়। বর্তমানে সমিতির সদস্যসংখ্যা দুই হাজারের বেশি। এর কার্যক্রমের মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছেন প্রায় ১ হাজার ২০০ কৃষক।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ২০১১ সালে নির্মিত রাবার ড্যামের পানি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে সমিতিটি। রাবার ড্যাম নির্মাণের আগে শুষ্ক মৌসুমে এলাকায় কৃষিকাজের সুযোগ ছিল সীমিত। পরবর্তী সময়ে খালের পানি সংরক্ষণ ও সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় কৃষিতে আসে ইতিবাচক পরিবর্তন। বর্তমানে শুষ্ক মৌসুমেও বোরো ধানসহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দৈনিক চট্টগ্রাম আলোকে বলেন, হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সহযোগিতায় এলাকার অনেক পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছে। বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। সমিতির সহযোগিতায় কেউ কৃষিকাজ সম্প্রসারণ করেছেন, কেউ ব্যবসা-বাণিজ্যে যুক্ত হয়েছেন। আবার অনেক পরিবার জমি কেনা, বাড়িঘর নির্মাণ, গাড়ি কেনা এবং পরিবারের সদস্যদের বিদেশে পাঠানোর মতো আর্থিক সক্ষমতা অর্জন করেছেন। কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নেও সমিতিটির ভূমিকা রয়েছে বলে তাঁরা জানান। তাঁদের মতে, সমিতির এমন উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার কৃষি, অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।
মাত্র ১৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা একটি সমিতির বর্তমানে দুই হাজারের বেশি সদস্যে উন্নীত হওয়া এবং উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন ফটিকছড়ির সমবায় অঙ্গনে একটি উল্লেখযোগ্য সাফল্য। স্থানীয়দের প্রত্যাশা, সমিতির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ এর মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
মোঃ রুবেল 












