
ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে কুপিয়ে আহত করে প্রায় সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা ধাওয়া করে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে চা বাগানে ফেরার পথে বাগানের প্রবেশপথের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, ব্যাংক থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা উত্তোলন করে চা বাগানে ফিরছিলেন ম্যানেজার ও সহকারী ম্যানেজার। পথে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে। একপর্যায়ে তাঁদের কুপিয়ে রক্তাক্ত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে দুজনকে আটক করেন এবং পরে তাঁদের পুলিশে সোপর্দ করেন। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে চা বাগানের ম্যানেজারের ওপর হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে
প্রতিবেদকের নাম 


















