
ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট থেকে ফটিকছড়ি উত্তর উপজেলা হয়ে হেঁয়াকো সড়কের হারুয়ালছড়ি বিমান চত্বর থেকে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কের দুই পাশে থাকা বিভিন্ন প্রজাতির বেশ কিছু গাছ শুকিয়ে গেছে। এর মধ্যে সাম্প্রতিক তীব্র ঝড়ে বেশ কয়েকটি গাছ ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে থাকা শুকিয়ে যাওয়া ও ঝুঁকিপূর্ণ গাছগুলোর কয়েকটি ইতোমধ্যে ভেঙে সড়কের ওপর পড়ে রয়েছে। কোথাও কোথাও গাছের বড় বড় ডালপালাও সড়কের ওপর পড়ে থাকতে দেখা গেছে। ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী, পথচারী ও যানবাহন চালকদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, সড়কের পাশে শুকিয়ে যাওয়া গাছগুলো যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে ঝড়-বৃষ্টির সময় ঝুঁকি আরও বেড়ে যায়। ভেঙে পড়া গাছগুলো দ্রুত সরানো না হলে যান চলাচলে আরও বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সড়কের ওপর পড়ে থাকা গাছ ও ডালপালা সরানোর পাশাপাশি শুকিয়ে যাওয়া ও ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।
এ বিষয়ে ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, সড়কের ওপর পড়ে থাকা গাছগুলো দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।
হারুয়ালছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন (মিন্টু) সরেজমিনে উপস্থিত হয়ে গণমাধ্যমকর্মীকে জানান, সড়কের ওপর পড়ে থাকা গাছগুলো দ্রুত সরিয়ে নেওয়ার দায়িত্ব তিনি নিয়েছেন। পাশাপাশি পর্যায়ক্রমে সড়কের পাশে থাকা শুকিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ গাছগুলো কাটার বিষয়ে ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর সঙ্গে দ্রুত আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রতিবেদকের নাম 

















